
ফাইল ছবি
স্বাধীনতার ৫৫ বছর পরে আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল এবং এ দেশের মা-বোনদের সম্ভ্রম হানিতে লিপ্ত ছিল, সেই অশুভ শক্তি আজ নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। এই অপশক্তির আস্ফালন রুখতে দেশের সর্বস্তরের মানুষকে সচেতন থাকতে হবে।’
বিগত ১৮ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিবেশে বিএনপি রাজপথে লড়াই ও সংগ্রাম চালিয়ে গেছে। শত চাপের মুখেও দল কখনো মাথা নত করেনি।
দেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘নতুন করে এক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখা হচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
সভায় বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।








































