শনিবার । মার্চ ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৮ মার্চ ২০২৬, ২:২৭ অপরাহ্ন
শেয়ার

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত


petrol pump

পেট্রোল পাম্প

দেশের সব পেট্রোল পাম্পের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয়ের জন্য ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় এবং সঠিক বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে গত শুক্রবার এক অনলাইন সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন এই নিয়ম অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের কার্যক্রম একজন সরকারি কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং তারা নিয়মিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

অন্যদিকে, এই দুই মহানগরীর বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) তাদের আওতাধীন পাম্পগুলোর জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবেন।

নিয়োগকৃত এই কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন। প্রতিটি পেট্রোল পাম্পের জন্য নির্দিষ্ট এই কর্মকর্তাদের তথ্য দ্রুত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে।