সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৯ মার্চ ২০২৬, ৪:২২ অপরাহ্ন
শেয়ার

রেকর্ড ১৪০ মিলিয়ন ডলার আয়ে শুরু ‘প্রজেক্ট হেইল মেরি’


Project-Hail-Mary

প্রজেক্ট হেইল মেরি

২০২৬ সালের বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’। মুক্তির পরপরই বিশ্বজুড়ে ১৪০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড নিজেদের দখলে নিয়েছে সিনেমাটি। অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবি পেছনে ফেলেছে বছরের আরেক আলোচিত সিনেমা ‘স্ক্রিম ৭’-কে।

সিনেমাটির কেন্দ্রে রয়েছেন হলিউড তারকা রায়ান গসলিং। এতে তিনি অভিনয় করেছেন একজন সাধারণ বিজ্ঞান শিক্ষকের চরিত্রে, যিনি পরিস্থিতির চাপে পড়ে মানবজাতিকে রক্ষার কঠিন মিশনে মহাকাশে পাড়ি জমান। পৃথিবীকে এক ভয়াবহ বিপর্যয় থেকে উদ্ধার করাই তাঁর প্রধান লক্ষ্য। গসলিংয়ের দুর্দান্ত অভিনয়ই এই ছবির সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন সমালোচকরা।

Project-Hail-Mary

সিনেমাটির কেন্দ্রে রয়েছেন হলিউড তারকা রায়ান গসলিং

‘২১ জাম্প স্ট্রিট’ ও ‘দ্য লেগো মুভি’ খ্যাত পরিচালক জুটি ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার এটি পরিচালনা করেছেন। অ্যামাজন এমজিএম স্টুডিওজের জন্য এটি একটি বিশাল বাণিজ্যিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে এমজিএম অধিগ্রহণের পর তাদের অন্যতম সেরা হিট এটি। অ্যান্ডি উইয়ারের আগের বই থেকে নির্মিত ‘দ্য মার্শিয়ান’ ব্যাপক প্রশংসিত হয়েছিল, যার ধারাবাহিকতা এই ছবিতেও বজায় রয়েছে।

সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেক সমালোচক একে ‘চিন্তাকে প্রসারিত করা সায়েন্স ফিকশন’ হিসেবে অভিহিত করেছেন। তবে কেউ কেউ মনে করছেন গল্পের কিছু অংশে ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারস্টেলার’-এর ছায়া রয়েছে। রায়ান গসলিং জানিয়েছেন, বিজ্ঞানের জটিল গল্পের সাথে হাস্যরসের চমৎকার সংমিশ্রণই তাকে এই প্রজেক্টে আগ্রহী করে তুলেছিল।

করোনা-পরবর্তী সময়ে ‘ওপেনহাইমার’ বা ‘এফ ১’-এর মতো মৌলিক গল্পের সিনেমার সারিতে জায়গা করে নিল ‘প্রজেক্ট হেইল মেরি’। বর্তমানে সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে।