মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৩০ মার্চ ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

পিএসএল

দ্বিতীয় ম্যাচে হেরে গেলো মোস্তাফিজের লাহোর


mustafiz

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স। তবে দলের পরাজয়ের দিনেও বল হাতে বরাবরের মতোই উজ্জ্বল ছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ১ উইকেট শিকার করে নিজের কারিশমা দেখালেও শেষ পর্যন্ত হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাহোর কালান্দার্স। দুই ওপেনার ফখর জামান (১) ও মোহাম্মদ নাঈম (১৩) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দলটি। তিনে নেমে আব্দুল্লাহ শফিক ২৪ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলে হাল ধরার চেষ্টা করেন। এরপর হাসিবউল্লাহ খানের ২৮ এবং সিকান্দার রাজার ১৯ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের সংগ্রহ পায় লাহোর। করাচির হয়ে মঈন আলী, মীর হামজা ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট শিকার করেন।

বল হাতে ইনিংসের ৮ম ওভারে প্রথম আক্রমণে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই মাত্র ১ রান খরচায় তুলে নেন সাদ বেগের (১৯) উইকেট। এরপর ১১তম ওভারে ৫ রান, ১৭তম ওভারে ৫ রান এবং ১৯তম ওভারে ৯ রান খরচ করেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ৫.০০ ইকোনমিতে ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন এই কাটার মাস্টার।

১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শাহীন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে করাচি। শাহীন মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তোলেন। শেষ ওভারে জয়ের জন্য করাচির দরকার ছিল ১৪ রান। তবে বলের আকৃতি পরিবর্তনের কারণে আম্পায়ার লাহোরকে ৫ রান পেনাল্টি করলে সমীকরণ সহজ হয়ে যায়। হারিস রউফের করা শেষ ওভারের প্রথম বলে উইকেট পড়লেও পরবর্তী বলগুলোতে চার ও ছক্কা মেরে করাচিকে জয়ের বন্দরে পৌঁছে দেন আব্বাস আফ্রিদি।

সংক্ষিপ্ত স্কোর:

লাহোর কালান্দার্স: ১২৮/৯ (২০ ওভার); শফিক ৩৩, হাসিবউল্লাহ ২৮; মঈন আলী ২/২২।

করাচি কিংস: ১৩২/৬ (১৯.২ ওভার); ওয়াসিম ৩৮, সাদ ১৯; শাহীন ৪/১৮, মোস্তাফিজ ১/২০।

ফল: করাচি কিংস ৪ উইকেটে জয়ী।