মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৩০ মার্চ ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্প প্রায় নিশ্চিত, কিন্তু পাকিস্তানের এই উদ্যোগ কি আসলেই যুদ্ধ থামাতে পারবে?


Pakistans initiative

বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে

পাকিস্তানের নেতৃত্বে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে নতুন কূটনৈতিক উদ্যোগ চলমান আছে, তবে বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ই পাকিস্তানের ওপর আস্থা রেখে সরাসরি আলোচনার জন্য সম্মতি দিয়েছে।

বৈঠকের পর চার দেশ একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়, যা সম্ভাব্য শান্তি আলোচনার কাঠামো নির্ধারণ করবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, তিনি শিগগিরই একটি চুক্তি দেখতে পাচ্ছেন। তবে একই সঙ্গে তিনি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের সম্ভাবনার কথাও উল্লেখ করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পাকিস্তানের সাবেক কূটনীতিক মাসুদ খান বলেন, এই উদ্যোগ একটি ‌‘ডিপ্লোম্যাটিক করিডোর’ তৈরি করেছে, যার মাধ্যমে ধাপে ধাপে আলোচনার পথ খুলতে পারে।

তবে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান এখনো অনেক দূরে। ওয়াশিংটন যুদ্ধবিরতি, পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে। বিপরীতে তেহরান আগ্রাসন বন্ধ, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্বের স্বীকৃতি চায়।

সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। তেলের দাম ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের মধ্যে গভীর আস্থাহীনতা এবং চলমান সামরিক হামলা শান্তি প্রচেষ্টার প্রধান বাধা। বিশেষ করে ইসরায়েলের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

পর্যবেক্ষকদের মতে, একটি কার্যকর সমাধানের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং আস্থা তৈরির পদক্ষেপ জরুরি। তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের এই কূটনৈতিক উদ্যোগ সফল হবে কি না, তা এখনো অনিশ্চিত।