বুধবার । এপ্রিল ১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে চার বছরের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ


Fuel Oil

ফাইল ছবি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদার চাপে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন তেলের গড় দাম ৪ ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯৩ টাকা) দাঁড়িয়েছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

বিশ্লেষকরা জানিয়েছেন, পাম্পে বিক্রি হওয়া জ্বালানি তেলের এই বর্তমান মূল্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। মূলত বৈশ্বিক সরবরাহ সংকট এবং অভ্যন্তরীণ মজুত কমে যাওয়ার কারণেই মার্কিন নাগরিকদের জ্বালানির পেছনে বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে সফলভাবে যাত্রা সম্পন্ন করেছে চীনের দুটি বিশাল কনটেইনার জাহাজ। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, প্রথম প্রচেষ্টায় মাঝপথ থেকে ফিরে আসলেও দ্বিতীয় দফায় সোমবার জাহাজ দুটি একে অপরের কাছাকাছি থেকে পারস্য উপসাগর পাড়ি দিয়ে উন্মুক্ত সমুদ্রে প্রবেশ করেছে।

মেরিন ট্রাফিকের বিশ্লেষক রেবেকা গার্ডেস নিশ্চিত করেছেন যে, চলমান উত্তেজনার মাঝে এই প্রথম কোনো কনটেইনারবাহী জাহাজ এই অঞ্চল থেকে সফলভাবে বের হতে সক্ষম হলো। ইরান বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখলেও তাদের ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জাহাজ চলাচলে সীমিত অনুমতি দিচ্ছে।

বিশাল এই চীনা জাহাজ দুটির সফল যাত্রা বেইজিং ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এর মাধ্যমে ইরান বিশ্বজুড়ে তাদের বন্ধু দেশের তালিকা আরও দীর্ঘ করার কৌশল নিয়েছে।