বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ এপ্রিল ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী


kbal-hasan-mahmud

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংগৃহীত ছবি

ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে ২০১৭ সালে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তি এখন পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তরে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত একটি জাতীয় কমিটি এ চুক্তি পরীক্ষা করে দেখেছে। কমিটিতে জ্বালানি, আইন ও অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ছিলেন।

মন্ত্রী বলেন, পর্যালোচনায় দেখা গেছে আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অস্বাভাবিক মূল্যে করা হয়েছিল। এ কারণে সরকার দুটি বিকল্প বিবেচনা করছে—আন্তর্জাতিক সালিশির মাধ্যমে সমাধান অথবা আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার ভিত্তিতে চুক্তি সংশোধন।

সংসদে আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বিদ্যুতের সামগ্রিক ঘাটতি নেই। তবে গ্রীষ্মকালে জ্বালানির ঘাটতি ও সঞ্চালন সীমাবদ্ধতার কারণে মাঝে মাঝে লোডশেডিং হয়। চাহিদা মোকাবিলায় সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন চলছে।

মন্ত্রী বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব বাড়ানোর বিষয়ও উল্লেখ করেন। প্রথম ধাপে ময়মনসিংহ, ঘোড়াশাল ও নারায়ণগঞ্জে ৭৪টি শিল্প কারখানায় জ্বালানি নিরীক্ষা চলছে।

এ সময় কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জ্বালানি সংকটে দেশের বিভিন্ন পেট্রল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে—সরকার কি পরিস্থিতি উপলব্ধি করছে না?

জবাবে মন্ত্রী টুকু বলেন, প্রতিদিন নির্ধারিত পরিমাণ পেট্রল পাম্পে সরবরাহ করা হচ্ছে। তবে ইরানের উত্তেজনার পর হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, “প্যানিক বায়িংয়ের কারণে লাইনের সৃষ্টি হয়েছে, কিন্তু সরবরাহ বন্ধ হয়নি—প্রতিদিনই পেট্রল সরবরাহ দেওয়া হচ্ছে।”