
আরজু আহমাদ। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য আরজু আহমাদ। শুক্রবার (৩ এপ্রিল) দলের আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র জমা দেওয়ার পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
আরজু আহমাদ এনসিপির সূচনালগ্ন থেকেই দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে দলটির অভ্যন্তরে নানা পরিবর্তনের গুঞ্জনের মাঝেই তার এই সরে দাঁড়ানোর বিষয়টি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
পদত্যাগের বিষয়ে আরজু আহমাদ গণমাধ্যমকে জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দলের প্রতি কোনো ক্ষোভ বা অসন্তুষ্টি নেই উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে বর্তমানে দলকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলেই পদত্যাগের এই সিদ্ধান্ত।
দলের ভবিষ্যৎ পথচলার প্রতি শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, ‘দল সামনের দিকে এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। তারা যেন সঠিক রাজনীতিটা বজায় রাখতে পারে, সেই শুভকামনা সবসময় থাকবে।’
উল্লেখ্য, সম্প্রতি দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সরে দাঁড়ানোর খবরের তালিকায় আরজু আহমাদের নাম যুক্ত হওয়ায় এনসিপির জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।








































