
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সিদ্ধান্তগুলো নিজে নিচ্ছেন, নাকি নেপথ্যে অদৃশ্য কোনো শক্তি কাজ করছে—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই জিজ্ঞাসা উত্থাপন করেন।
হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, গত ২৯ নভেম্বর তারেক রহমান নিজেই বলেছিলেন—সংকটকালে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর একার নিয়ন্ত্রণাধীন ছিল না। এনসিপি নেতার মতে, সেই বক্তব্যই প্রমাণ করে তারেক রহমানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কারও প্রভাব থাকতে পারে।
তিনি লেখেন, তারেক রহমানের দেশে ফেরা কার সিদ্ধান্তে হয়েছে কিংবা অধ্যাদেশ বাতিলের মতো বড় সিদ্ধান্তে কারা প্রভাব রেখেছেন—তা জনসমক্ষে কখনো স্পষ্ট করা হয়নি। বিশেষ করে ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার সিদ্ধান্তে দলের ভেতরে ভিন্নমত থাকা সত্ত্বেও কেন তড়িঘড়ি করা হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
হাসনাত আরও বলেন, যদি দেশে ফেরার মতো জাতীয় গুরুত্বের সিদ্ধান্তে নেপথ্যে কেউ থাকে, তবে দেশ পরিচালনার ক্ষেত্রেও কি একই প্রভাব কাজ করছে—তা এখন জাতীয় প্রশ্ন। তিনি জানতে চান, তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যাদের মতামত বা নির্দেশনা কার্যকর, সেই অজানা ব্যক্তিরা কারা।










































