রবিবার । এপ্রিল ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
শেয়ার

৫ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন


Bangladesh-Government

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন সভায় প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।

সভায় মোট ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির তিনটি প্রস্তাব তোলা হয়। এর মধ্যে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল আমদানি–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়। পাশাপাশি সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি কেনার বিষয়টিও অনুমোদিত হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিওর কাছ থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রল আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় কমিটি অনুমোদন করলেও, জ্বালানি বিভাগ ক্রয় কমিটি থেকে সেটি প্রত্যাহার করে নেয়। একইভাবে ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ টন ৫০ পিপিএম ডিজেল আমদানির প্রস্তাবও অর্থনৈতিক কমিটি অনুমোদন করলেও ক্রয় কমিটি থেকে তা প্রত্যাহার করা হয়েছে।

জ্বালানি বাজারে অস্থিরতা ও সরবরাহ সংকটের আশঙ্কার মধ্যে দ্রুত জ্বালানি নিশ্চয়তার লক্ষ্যেই এসব সরাসরি ক্রয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।