
চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাবর
বিশ্বের সর্বোচ্চ শিখর এভারেস্ট জয়ের পর এবার পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাউন্ট মাকালু’ জয়ে নামছেন বাংলাদেশের অকুতোভয় পর্বতারোহী বাবর আলী। ৮,৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম পর্বত অভিযানে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ খ্যাত চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে প্রস্তুত তিনি। এটি বাবরের পঞ্চম ৮ হাজার মিটার উচ্চতার পর্বত অভিযান।
রোববার (৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত জানানো হয়। ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।
সংবাদ সম্মেলনে বাবর আলী তাঁর স্বপ্নের কথা জানিয়ে বলেন, “বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের সুতীব্র ইচ্ছা আমার অনেকদিন ধরেই। মাকালু সেই লক্ষ্যের পথে আরও একটি দৃঢ় পদক্ষেপ। যদিও আগে নাঙ্গা পর্বত আরোহণের পরিকল্পনা ছিল কিন্তু নানা প্রতিকূলতায় এখন মাকালুকেই পাখির চোখ করেছি। এর খাড়া ঢাল আর প্রচণ্ড বাতাস আমাকে বড় পরীক্ষায় ফেলবে জানি, তবে আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
২০১৪ সাল থেকে পর্বতারোহণে যুক্ত বাবর আলী ইতোমধ্যেই অনন্য সব কীর্তি গড়েছেন। ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে আরোহণ করে তিনি ইতিহাস গড়েন। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে কোনো অক্সিজেন সিলিন্ডার ছাড়াই বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মানাসলু জয় করার গৌরবও তাঁর ঝুলিতে। এর আগে তিনি আমা দাবলাম এবং অন্নপূর্ণা-১ জয় করেছেন।
পুরো অভিযানে সময় লাগবে প্রায় ৫০ দিন। কাঠমন্ডু থেকে টুমলিংটার হয়ে বেস ক্যাম্পে পৌঁছাবেন বাবর। সেখানে উচ্চতার সাথে শরীরকে খাপ খাইয়ে নিয়ে শুরু হবে মূল আরোহণ। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাকালুর চূড়ায় পৌঁছাতে পারেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভার্টিক্যাল ড্রিমার্স-এর সভাপতি ফরহান জামান, উপদেষ্টা শিহাব উদ্দীনসহ পর্বত অনুরাগী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাবরের হাতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।











































