
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া আরও ২ জনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ৯৭৪ শিশুর শরীরে হামের লক্ষণ পাওয়া গেছে।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯২ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩৮ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত একদিনে খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। অন্যদিকে ঢাকা ও ময়মনসিংহে ১ জন করে মোট ২ শিশু ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৯২৯ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। গত ২১ দিনে সন্দেহজনক হামে ১১৩ জন এবং নিশ্চিতভাবে হামে ১৭ জনসহ সর্বমোট ১৩০ জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর চাপ ক্রমেই বাড়ছে। গত ২১ দিনে ৫ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তর নজরদারি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।










































