
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তবে ঠিক কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা এই দায়িত্বে ছিলেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেও তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার শাসনামলে গঠিত তিনটি সংসদেরই স্পিকার ছিলেন তিনি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে শিরীন শারমিন চৌধুরীকে আর প্রকাশ্যে দেখা যায়নি। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। তবে আজকের এই আটকের পেছনে নির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে।









































