
ফাইল ছবি
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে ফানুস উড়ানো, আতশবাজি ফোটানো, গ্যাস বেলুন ছাড়া এবং ভুভুজেলা বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। পহেলা বৈশাখের সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যেই শেষ করতে হবে। একই সঙ্গে মুখে মুখোশ পরার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে—তবে হাতে বহন করা যাবে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন–শৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।
তিনি বলেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল, রবীন্দ্রসরোবরসহ সব আয়োজন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন করে কেউ প্রবেশ করতে পারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, শোভাযাত্রায় কেউ মুখোশ পরে অংশ নিতে পারবে না। মিছিল শুরু হলে মাঝপথে প্রবেশের সুযোগ থাকবে না। গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে।
ইভ টিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। নিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি মেট্রো রেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয় স্টিকার ছাড়া কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। সাধারণ মানুষকে অনুষ্ঠানে ব্যাগ, ব্যাকপ্যাক, দিয়াশলাই বা লাইটার না আনার অনুরোধ জানানো হয়েছে। শিশুদের সঙ্গে পরিচয়সংবলিত নোট রাখার পরামর্শও দেওয়া হয়।







































