
যুদ্ধ পরিস্থিতির কারণে ৪০ দিন ধরে আটকে থাকার পর বাংলাদেশের শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ গত বুধবার সৌদি বন্দর ছাড়ে। প্রায় ৪০ ঘণ্টা যাত্রার পর আজ শুক্রবার জাহাজটি হরমুজ প্রণালির কাছে পৌঁছালেও পার হওয়ার অনুমতি দেয়নি ইরান।
সূত্র জানায়, সকালে তেহরানের কাছে প্রণালি অতিক্রমের অনুমতি চাইলে ইরান তা প্রত্যাখ্যান করে এবং জাহাজটিকে ঘুরে নিরাপদে ফেরার নির্দেশ দেয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরানের নির্দেশনা অনুসরণ করেই আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তা অনুমোদিত হয়নি। কূটনৈতিক চেষ্টায় অনুমতি আদায়ের কাজ চলছে এবং জাহাজটি এখনো হরমুজের নিকটে অবস্থান করছে।
পরিস্থিতি বিবেচনায় জাহাজকে আপাতত সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাহাজে থাকা ৩১ নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে বলেও তিনি জানিয়েছেন।





































