
রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে উচ্চশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটের পর এটি এখন আইনে পরিণত হলো।
নতুন আইনের আওতায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের একাডেমিক কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হবে।

আইন অনুসারে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষকতা ও সনদ প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা একটি কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। এতে রাজধানীর উচ্চশিক্ষায় সমন্বয় ও মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।



































