শনিবার । এপ্রিল ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১১ এপ্রিল ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
শেয়ার

চাঁদাবাজদের আনবায়াসড তালিকা তৈরি হচ্ছে: র‍্যাব


rab

সংবাদ সম্মেলনে কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী

সারাদেশে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ বা ‘আনবায়াসড’ তালিকা তৈরি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চাঁদাবাজির সঙ্গে জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না এবং তালিকা প্রস্তুত শেষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে তালিকা তৈরির কাজ শুরু করেছে।

র‍্যাব পরিচালক বলেন যে পরিবহন খাত, মহাসড়ক, বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট-বড় সব ধরনের চাঁদাবাজিকেই এই তালিকার আওতায় আনা হচ্ছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয়ে অভিযোগ না করলেও গোয়েন্দা নজরদারি এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।

রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান যে তালিকাটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকেই যেকোনো সময় এই তালিকা অনুযায়ী অভিযান শুরু হতে পারে বলেও জানান তিনি।