শনিবার । এপ্রিল ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ এপ্রিল ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
শেয়ার

জ্বালানি সংকট নিয়ে রাজনৈতিক সিন্ডিকেটকে দায়ী করলেন শফিকুর রহমান


Jamayet-Amir-Dr-Shafik

ফাইল ছবি

সরকারের তদারকির ঘাটতির কারণেই দেশে জ্বালানি সংকট তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, “তেল আছে শুধু সংসদে—মন্ত্রীরা ও সরকারি দলের এমপিরা যখন কথা বলেন, তখন মনে হয় তেলের ওপর বাংলাদেশ ভাসছে।”

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব; উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান-কেন্দ্রিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি কিছুটা ব্যাহত হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে বাস্তবে গত এক মাস ধরে দেশের বিভিন্ন পেট্রোলপাম্পে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যাচ্ছে যানবাহনগুলোকে।

শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তাঁর দাবি, এই সিন্ডিকেট খোলাবাজারে বেশি দামে জ্বালানি বিক্রি করছে, যার প্রভাব পড়ছে কৃষি খাতেও। বিশেষ করে সেচব্যবস্থায় জ্বালানির ওপর নির্ভরতা বেশি হওয়ায় দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, জ্বালানি খাতে কার্যকর নজরদারি জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন খাতে ‘গোঁজামিল’ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে এবং ব্যাংকিং খাতেও বাস্তবতা ও হিসাবের মধ্যে অমিল রয়েছে।

এদিকে একই দিন কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপিপন্থি কৃষিবিদদের এক সভায় সভাপতিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে সভা পণ্ড হয়ে যায়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, নেতৃত্ব দখলের এ ধরনের চেষ্টা অনাকাঙ্ক্ষিত এবং যোগ্য ব্যক্তিকে যথাযথ স্থানে বসানো জরুরি।