
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা || ছবি: সংগৃহীত
২১ ঘণ্টা ধরে চলার পর ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা। আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও, দুই পক্ষের অবস্থানগত পার্থক্য কাটেনি। ফলে কোনও সমঝোতা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্রের শর্তকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে দ্বিতীয় ধাপে আলোচনার আর সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।
রোববার (১২ এপ্রিল) সকালে তেহরান জানায়, সমঝোতার টেবিল ছাড়ার অযুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র। তাদের দাবিগুলো অত্যন্ত বাড়াবাড়ি এবং উচ্চাভিলাষী। তারা এমন সব দাবি তুলেছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি।

সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্তে একমত হতে পারেনি তেহরান।
এদিকে ইরানের সঙ্গে ২১ ঘণ্টার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, আলোচনায় নমনীয় থাকার পরও শর্ত মানতে নারাজ তেহরান।
ভ্যান্স বলেন, আমাদের রেড লাইন কোনগুলো সেগুলো আমরা বেশ পরিষ্কার করে জানিয়েছি, কোন কোন বিষয়ে আমরা তাদের সঙ্গে মিটমাট করতে ইচ্ছুক আর কোন কোন বিষয়গুলোতে কোনো আপোষ হবে না।
আলোচনায় ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন ভ্যান্স। এ সময় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান ভ্যান্স। তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে সে জন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।
আল-জাজিরার খবর বলছে, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি । ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপরও আলোচনার সাফল্য নির্ভরশীল।










































