রবিবার । এপ্রিল ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ এপ্রিল ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার

অধ্যাদেশকে কেন্দ্র করে বিরোধী দল রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী


Salahuddin-Ahmed

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশকে কেন্দ্র করে বিরোধী দল রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে। তিনি জানান, গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় সম্পর্কিত অধ্যাদেশগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও উন্নত আইন প্রণয়ন করা হবে।

রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এসব অধ্যাদেশে সবকিছু নিখুঁত ছিল না এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন আনা হবে। গুম ইস্যুতে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আরও কার্যকর ও শক্তিশালী আইন করা হবে।

সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের নিয়ম অনুযায়ী তারা তা করতে পারেন, তবে যেসব ইস্যুতে ওয়াকআউট করা হয়েছে, তা সঠিক ছিল না। সংসদের বাইরে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর পদ নিয়ে বিতর্কের বিষয়ে তিনি জানান, পূর্বের বিধানে পদত্যাগ না করলে দীর্ঘমেয়াদি থাকার সুযোগ ছিল, যা সরকার সংশোধন করেছে। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে নতুন আইন আনার কথাও বলেন তিনি।

গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বে জারি করা অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশন গণভোট সম্পন্ন করেছে এবং এর আইনি ভিত্তি রয়েছে। তবে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের সঙ্গে কিছু অসামঞ্জস্য থাকায় এ নিয়ে আদালতে রিট হয়েছে। তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন করে গণভোট আয়োজন করা হবে।