রবিবার । এপ্রিল ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ এপ্রিল ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
শেয়ার

২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী


tarek

প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২০ এপ্রিল বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে স্থানীয়দের মধ্যে যেমন উৎসাহ দেখা দিয়েছে, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান আজ রোববার (১২ এপ্রিল) জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনও চূড়ান্ত না হলেও ওই দিন তাঁর বগুড়া আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন। এরপর তিনি গাবতলীর বাগবাড়ি গ্রামে তাঁর পৈতৃক ভিটা পরিদর্শন করবেন।

এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং পৈতৃক ভিটার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ খাল খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক তোড়জোড় শুরু হয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ি এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেছে। এই প্রতিনিধি দলে সংশ্লিষ্ট প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিয় নেতার আগমনে উচ্ছ্বসিত বাগবাড়িবাসী। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের অবহেলা দূর হবে। বিশেষ করে প্রস্তাবিত খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষিকাজে বৈপ্লবিক পরিবর্তন আসবে। সেই সঙ্গে রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন তারা।