
দক্ষিণ লেবাননে যুদ্ধক্ষেত্র পরিদর্শনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইরানের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম বারের মতো দখলকৃত দক্ষিণ লেবানন সীমান্ত অতিক্রম করে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (১২ এপ্রিল) সেখানে সেনাদের সঙ্গে এক রণকৌশল বৈঠকে তিনি দাবি করেন, ইরান ও তাদের ‘অশুভ শক্তি’ এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওর বরাতে আল জাজিরা জানায়, নেতানিয়াহু দক্ষিণ লেবাননের অভ্যন্তরে অবস্থানরত সেনাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার সঙ্গে ছিলেন নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

বৈঠকে কাটজ জানান, দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখল করে সেখানে ‘সিলভার প্লাউ’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “লিটানি নদীর দক্ষিণ তীরের সকল বাসিন্দাকে সরিয়ে দেওয়া হবে এবং যতক্ষণ না উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ তারা আর ফিরতে পারবে না।”




































