
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অভিযোগ করেছে, ব্যাংক রেজুলেশন আইন ২০২৬-এ নতুন বিধান যুক্ত করে দুর্বল বা একীভূত ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের আবার মালিকানায় ফেরার সুযোগ দেওয়া হয়েছে, যা চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আগের অধ্যাদেশে দায়ীদের মালিকানায় ফেরার সুযোগ না থাকলেও নতুন আইনের ১৮(ক) ধারায় তা পরিবর্তন করা হয়েছে। তার মতে, এতে জবাবদিহিতা নিশ্চিত না হয়ে বরং দুর্নীতিকে উৎসাহ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, এই পরিবর্তনের ফলে ব্যাংক খাতের অনিয়ম ও সুশাসনের সংকট দূর হওয়ার বদলে দায়ীদের পুনর্বাসনের পথ তৈরি হয়েছে। টিআইবি আশঙ্কা করছে, এতে ভবিষ্যতে আর্থিক ঝুঁকি বাড়বে এবং এর বোঝা শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।
এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে টিআইবি।








































