
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে সহযোগিতার অভিযোগ তুলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাঁচটি আরব দেশের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বিশ্ব সংস্থাটির মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি উত্থাপন করেন।
টিআরটি ওয়ার্ল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে দেওয়া চিঠিতে ইরান দাবি করেছে, সংশ্লিষ্ট দেশগুলো মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে হামলায় সহায়তা দিয়ে তাদের “আন্তর্জাতিক দায়বদ্ধতা” লঙ্ঘন করেছে।
চিঠিতে রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি স্পষ্ট জানান, যুদ্ধকালীন সময়ে ইরানের যে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য এই দেশগুলো দায়ী এবং তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। ওই হামলায় কয়েক হাজার মানুষ হতাহত হন। এর জবাবে তেহরানও ইসরায়েল, সৌদি আরব, ইরাক ও জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। দীর্ঘ সংঘাতের পর গত সপ্তাহে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।
এই সংকটের কূটনৈতিক সমাধানের লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো পক্ষই চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি।
বিশ্লেষকদের মতে, সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরানের এই ক্ষতিপূরণ দাবির ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়া নতুন করে জটিলতার মুখে পড়তে পারে।



































