
ইরানের বন্দরগুলো ব্যবহার করে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য কার্যত বন্ধ করে দেওয়ার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যাডমিরাল কুপার দাবি করেন, ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশই সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ওপর নির্ভরশীল। তিনি বলেন, অবরোধ আরোপের ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে মার্কিন বাহিনী সমুদ্রপথে ইরানের ভেতরে ও বাইরে সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে সক্ষম হয়েছে।

তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় বর্তমানে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের উপকূলীয় অঞ্চল বা বন্দরগুলোতে যেকোনো দেশের জাহাজ প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে এই অবরোধ কঠোরভাবে এবং নিরপেক্ষভাবে কার্যকর করা হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং দেশটির পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে সমঝোতায় বাধ্য করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: আল–জাজিরা





































