বুধবার । এপ্রিল ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ এপ্রিল ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
শেয়ার

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, হজ টিমকে সতর্ক থাকার নির্দেশ ধর্মমন্ত্রীর


Religion-Minister

রাজধানীতে হজ টিমের প্রশিক্ষণ অনুষ্ঠানে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্মমন্ত্রী হজ টিমের সদস্যদের উদ্দেশে বলেন, তারা হজযাত্রীদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালন করবেন, যা একটি বড় সৌভাগ্যের বিষয়। তিনি জোর দিয়ে বলেন, হজযাত্রীদের আন্তরিক সেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। এ সময় তিনি টিমের সদস্যদের প্রকৃত অর্থে খাদেম হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজে জড়ানো যাবে না। হাজীদের সঙ্গে অবহেলা বা অনিয়ম করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আল্লাহর মেহমানদের খেদমতে সামান্য গাফিলতিও বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী আরও জানান, যারা ভালো কাজ করবেন এবং হাজীদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের পরবর্তী বছরেও হজসেবায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আর যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাদের মক্কা থেকেই দেশে ফেরত পাঠানো হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত হজ টিমের সদস্যরা মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হাত তুলে হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতার প্রতিশ্রুতি দেন।

ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে আরও বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

এর আগে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে হজ টিমের বিভিন্ন সদস্যদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক।

প্রশিক্ষণে হজ মনিটরিং, প্রশাসনিক, সহায়ক, কারিগরি ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশ নেন।