
সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে বার কাউন্সিলের সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে তীব্র জ্বালানি সংকটের কারণে স্থগিত করা হয়েছে এ নির্বাচন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে প্রার্থীদের নির্বাচনি প্রচার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে নির্বাচন স্থগিতের আবেদন ও অনুরোধ পাওয়া গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিলের এক সভায় ১৯ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল।
সেই সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। এছাড়া বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে এডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।






































