
ফাইল ছবি
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
মৃতদের মধ্যে ২ জনের মৃত্যু সরাসরি হাম আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনাও রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।

এদিকে, একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জনে পৌঁছেছে। হাম সন্দেহে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।






































