বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শেয়ার

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের


Trump

ফাইল ছবি

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে ১০ দিনের এক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার পর দুই নেতাই তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের এই সাময়িক যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেন যে, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা এক বিশেষ বৈঠকে বসেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে রূপান্তর করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

নিজের এই উদ্যোগের বিষয়ে ট্রাম্প দাবি করেন, তিনি ইতোমধ্যে বিশ্বের ৯টি যুদ্ধ বা সংকটের সমাধান করেছেন। লেবানন-ইসরায়েল শান্তি প্রক্রিয়াকে তার দশম সফল উদ্যোগ হিসেবে দেখছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এটি সম্পন্ন করা আমার জন্য বড় গর্বের বিষয় হবে।’