বৃহস্পতিবার । এপ্রিল ১৬, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শেয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাল মাঠে নামছে বাংলাদেশ


bangladesh-newzealand

ছবি: সংগৃহীত

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। সিরিজ জয়ের লক্ষ্য থাকলেও টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে আপাতত এই প্রথম ম্যাচটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘দেখুন, শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো সিরিজের কথা চিন্তা করলে আমাদের জন্য প্রথম ম্যাচটি জয় করা জরুরি। আমরা সেই লক্ষ্যেই মাঠে নামব।’

নিউজিল্যান্ডের বর্তমান দলটিকে অনেকে ‘দ্বিতীয় সারির’ হিসেবে বিবেচনা করলেও অধিনায়ক মিরাজ তাদের মোটেও ছোট করে দেখছেন না। বরং পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিটি ম্যাচকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। তার মতে, কিউইদের বিপক্ষে এই সিরিজ জয় হবে বাংলাদেশের জন্য এক ‘বিরাট অর্জন’।

এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে টিকে থাকতে হলে র‍্যাংকিংয়ের শীর্ষ ৯-এর মধ্যে থাকা বাধ্যতামূলক। মিরাজ বলেন, ‘আমাদের র‍্যাংকিংয়ের একটি বিষয় আছে। তাই বিশ্বকাপের কথা মাথায় রাখলে এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

র‍্যাংকিংয়ের পাশাপাশি দলের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়াকেও বড় লক্ষ্য হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে যাওয়ার আগে এই সিরিজগুলোতে ভালো ফলাফল করতে পারলে দল মানসিকভাবে চাঙা থাকবে।

মিরাজ আরও যোগ করেন, ‘আমরা যদি নড়বড়ে অবস্থায় বিশ্বকাপে যাই, তবে সেটি দলের জন্য নেতিবাচক হবে। ২০২৩ বিশ্বকাপের আগে আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, কিন্তু মূল পর্বে প্রত্যাশিত সাফল্য আসেনি। তাই এবার এই সিরিজগুলোর মাধ্যমে সঠিক আত্মবিশ্বাস অর্জন করতে চাই।’

এখন দেখার বিষয়, মিরপুরের চেনা উইকেটে কিউই চ্যালেঞ্জ সামলে র‍্যাংকিং আর আত্মবিশ্বাসের এই লড়াইয়ে বাংলাদেশ কতটা সফল হতে পারে।