শুক্রবার । এপ্রিল ১৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ এপ্রিল ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প


হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশ চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে এবং তেহরান ‘প্রায় সব শর্তেই’ সম্মত হয়েছে, যার মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান এখন এমন অনেক বিষয়ে রাজি হচ্ছে, যেগুলো আগে প্রত্যাখ্যান করেছিল। তিনি আরও বলেন, চুক্তি সম্পন্ন হলে তা পাকিস্তানের ইসলামাবাদে স্বাক্ষরিত হতে পারে এবং সে ক্ষেত্রে তিনি নিজেও সেখানে সফরে যেতে পারেন।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই একটি সমঝোতা হতে পারে, ফলে মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও পড়তে পারে। একই সঙ্গে তিনি জানান, দুই দেশের মধ্যে পরবর্তী বৈঠকটি চলতি সপ্তাহান্তেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চুক্তি না হলে আবারও সংঘাত শুরু হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ কার্যকরভাবে বজায় রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়। এতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যার মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশে এই হামলার ঘটনা ঘটে।

প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা