
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
মিরপুরে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হচ্ছে সকাল ১১টায়। বাংলাদেশে সাধারণত ওয়ানডে ম্যাচ দুপুর ২টায় শুরু হলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে। মূলত দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের আহ্বানে সাড়া দিয়ে ম্যাচের সময় এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড দলে আইপিএল ও পিএসএলের ব্যস্ততার কারণে নিয়মিত তারকারা না থাকলেও, তাদের অনভিজ্ঞ ও তরুণ দলকে হালকাভাবে নিতে নারাজ স্বাগতিকরা। সফরকারীদের নতুন চেহারার দলের বিপরীতে বাংলাদেশ মাঠে নামছে পূর্ণ শক্তির দল নিয়ে।

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ২০০৪ সালের পর নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে এসে সিরিজের প্রথম ম্যাচে কখনোই জিততে পারেনি। ২০০৮, ২০১০ এবং ২০১৩ সালের সফরেও সিরিজের উদ্বোধনী ম্যাচে হারের স্বাদ পেয়েছিল তারা। আর সবশেষ ২০২৩ সালের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে অনুশীলনে হাঁটুতে ব্যথা পান মোস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের জায়গায় শরিফুল ইসলামকে একাদশে নেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, উইল ইয়ং, নিক কেলি, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রুরকি ও জাইডেন লেনক্স।











































