
মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
তিন দিনের সফরে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। আজ শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দূতাবাস জানায়, সফরকালে হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই বিশেষ দূতের কার্যালয়ের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

মার্কিন বিশেষ দূতের এই সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সংক্রান্ত বিষয়গুলো বিশেষ অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিশুশ্রম ও পাচার রোধ এবং অপরাধ-চক্র ও সশস্ত্র সংঘাতে শিশুদের সম্পৃক্তকরণ অবসানের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
চার্লস জে. হার্ডার শিশুদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান অন্বেষণে নিয়মিত বিভিন্ন ফাউন্ডেশন, কর্পোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন।
তার এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিশু উন্নয়ন ও শিক্ষা খাতে অংশীদারিত্বের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।







































