
রোবটটি প্রায় ২১ কিলোমিটার পথ মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে শেষ করে
চীনের রাজধানী বেইজিং-এ অনুষ্ঠিত হাফ ম্যারাথনে ইতিহাস গড়েছে একটি হিউম্যানয়েড রোবট, যে মানব দৌড়বিদদের ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। এই ঘটনা দেশটির দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
রোবট ও মানব দৌড়বিদদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা বেইজিংয়ের দক্ষিণাঞ্চল ইঝুয়াং এলাকায় অনুষ্ঠিত হয়। নিরাপত্তার কথা বিবেচনায় রেখে দুই দলকে আলাদা লেনে দৌড়াতে দেওয়া হয়, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলোর মধ্যে কিছু ছিল অত্যন্ত গতিশীল—যাদের গতি কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট-এর মতোই দ্রুত ও ছন্দময়। আবার কিছু রোবট ছিল তুলনামূলকভাবে সাধারণ ক্ষমতার।

সবচেয়ে এগিয়ে থাকা হিউম্যানয়েড রোবট, যা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অনার-এর হয়ে অংশ নেয়। রোবটটি প্রায় ২১ কিলোমিটার পথ মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে শেষ করে। যা বর্তমান বিশ্ব রেকর্ডধারী জ্যাকব কিপলিমো-এর ৫৭ মিনিট ২০ সেকেন্ডের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
এই সাফল্য গত বছরের তুলনায় বিশাল অগ্রগতি। গেলো বছর রোবট বারবার পড়ে যাচ্ছিল এবং ২১টি রোবটের মধ্যে মাত্র ৬টি দৌড় শেষ করতে সক্ষম হয়। সবচেয়ে আগে শেষ করা রোবটটির সময় লেগেছিল দুই ঘণ্টা ৪০ মিনিটেরও বেশি।
বিশেষজ্ঞদের মতে, হিউম্যানয়েড রোবট আগামী কয়েক বছরের মধ্যেই দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠতে পারে—গৃহস্থালি কাজ, বয়স্কদের সহায়তা, এমনকি বিপজ্জনক পেশাতেও তারা ভূমিকা রাখতে শুরু করবে।









































