
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে
রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেল, আর সেই ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে।
এ জয়ের মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী দল। এর আগে দুই দলের চার দেখায় তিনটিতে হেরেছিল টাইগ্রেসরা, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা শ্রীলংকা শুরুটা ভালোই করেছিল। ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি মিলে উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন। পেরেরা ২৭ রান করে ফিরলেও দুলানি অর্ধশতক তুলে নেন। পরে হানসিমা করুনারত্নের সঙ্গে তার ৫২ রানের জুটি দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়। দুলানি ৫২ ও করুনারত্নে ৫৪ রান করেন।

৩৭ ওভারে ১৬০ রান তুলে ভালো অবস্থানে থাকা লংকানরা শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানে থামে। বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান রিতু মনি, তিনি ৩ উইকেট নেন। এছাড়া নাহিদা আক্তার দুটি এবং মারুফা আক্তার, সুলতানা খাতুন, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি একটি করে উইকেট শিকার করেন।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৫ রানে দুই ওপেনার ফিরে গেলে দল বিপাকে পড়ে। অধিনায়ক নিগার সুলতানাও বেশি দূর যেতে পারেননি। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে থাকা দলকে উদ্ধার করেন শারমিন আক্তার।
তিনি প্রথমে সোবহানা মোস্তারির সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন, পরে স্বর্ণা আক্তারের সঙ্গে আরও ৭৮ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। তবে শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়।
অবশেষে নাহিদা আক্তার ও সুলতানা খাতুনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জুটিতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শারমিন আক্তার ১২৭ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন। সোবহানা ও স্বর্ণা দুজনেই ৪১ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল।









































