
প্রধানমন্ত্রী তারেক রহমান
কৃষিখাতে আধুনিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের সরাসরি ১০টি সেবা দিতে গত ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’-এর উদ্বোধন করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার-বীজ, সরকারি ভর্তুকি, স্বল্পমূল্যে যন্ত্রপাতি, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষি বীমাসহ ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া ও বাজারের তথ্য পাবেন।
প্রধানমন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন খাতে ৭০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৪০১ কোটি টাকা ছাড় করা হয়েছে। এতে ২৫ লাখেরও বেশি প্রান্তিক কৃষক উপকৃত হয়েছেন।

এছাড়া পতিত জমি আবাদে ‘ক্রপ জোনিং’ পদ্ধতি এবং উত্তরাঞ্চলে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার।





































