বুধবার । এপ্রিল ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

এমপিদের জন্য সরকারি গাড়ির প্রস্তাব হাসনাত আবদুল্লাহর


hasnat

সংসদে বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

জাতীয় সংসদে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধার পরিবর্তে সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা প্লট সুবিধা নিতে আগ্রহী নন। এ বিষয়ে সংসদের সদস্যদের মধ্যে ঐকমত্য রয়েছে। দায়িত্ব পালনের সুবিধার্থে এমপিদের জন্য নির্দিষ্ট সরকারি গাড়ির ব্যবস্থা করা যেতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা দায়িত্ব পালনে সরকারি গাড়ি ব্যবহার করেন। একইভাবে সংসদ সদস্যদেরও এ সুবিধা দেওয়া যেতে পারে।

তার মতে, একজন সংসদ সদস্য যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন সরকারি মালিকানাধীন একটি গাড়ি ব্যবহার করবেন। এতে সরকারের অতিরিক্ত ব্যয়ও বাড়বে না।

হাসনাত আবদুল্লাহ জানান, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যদিও তাদের নিজস্ব কোনো সরকারি গাড়ি নেই।