বৃহস্পতিবার । এপ্রিল ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

সাত বীরশ্রেষ্ঠের নামে সংসদ গ্যালারির নামকরণ


sangsad-gallery

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা সাত বীরশ্রেষ্ঠের প্রতি বিশেষ সম্মান জানিয়ে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নতুন নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে নেওয়া এই সিদ্ধান্তের ফলে দেশের গণতন্ত্রের সর্বোচ্চ কেন্দ্রে স্বাধীনতার অমর বীরগাথা স্থায়ীভাবে স্থান পেল। গ্যালারিগুলোর আগের নামসমূহ (ফুল ও নদী) পরিবর্তন করে এখন সরাসরি মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন নামকরণ অনুযায়ী সাধারণ গ্যালারি-৩ এর নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারি। গ্যালারি-৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং গ্যালারি-৫ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিনের নামে নামকরণ করা হয়েছে। এছাড়া গ্যালারি-৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের নামে করা হয়েছে।

একই সাথে পরিবর্তন আনা হয়েছে ভিআইপি গ্যালারিগুলোর নামেও। ভিআইপি গ্যালারি-১ এখন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ভিআইপি গ্যালারি-২ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে পরিচিত হবে। উল্লেখ্য যে, গ্যালারি-১ ও গ্যালারি-২ যথারীতি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে সাত বীরশ্রেষ্ঠের স্মৃতি প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের এই উদ্যোগ মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে আরও দৃশ্যমান ও মর্যাদাপূর্ণ করে তুলবে। এর মাধ্যমে জাতীয় প্রতিষ্ঠানগুলোতে বীরত্বের স্বীকৃতি প্রদানের এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।