
সংগৃহীত ছবি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) শীর্ষ পদে বড় পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এই নিয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শাহীনা ফেরদৌসী। নতুন দায়িত্ব পালনের জন্য তাঁর চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তিনি বর্তমান মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী ডিজি শামসুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া শাহীনা ফেরদৌসী প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে কাজ করেছেন। পাশাপাশি মাঠ প্রশাসনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।










































