
এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে
সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা ঘিরে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
ডিজিটাল জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কঠোর নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রশাসনের সদস্যরা সকাল থেকেই মাঠ পর্যায়ে তৎপর রয়েছেন।
এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে শুরু হওয়া এই পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং প্রতিটি কেন্দ্রে তল্লাশির মাধ্যমে প্রবেশপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম যাচাই করে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হয়।

ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টা থেকেই অভিভাবক ও পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেন। তীব্র যানজটের কারণে কোনো কোনো এলাকায় পরীক্ষার্থীদের কিছুটা বেগ পেতে হলেও সহনীয় আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৪ লাখের বেশি।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজনে সব ধরনের নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
প্রতিটি কেন্দ্রে ভিজিল্যান্স টিম কাজ করছে এবং কোনো ধরনের অসদুপায় বা জালিয়াতির চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত সারাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে।








































