
ছবি: সংগৃহীত
সারাদেশে গত কয়েক দিন ধরে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এরই মধ্যে রাজধানী ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় ঢাকার তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, যার ফলে গরমের তীব্রতা আরও চরমে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ হওয়ার কারণে শরীরে ভ্যাপসা গরম ও অস্বস্তি বহুগুণ বেড়ে গেছে।
বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ আরও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

বর্তমানে দেশের বিশাল একটি অঞ্চলজুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী জেলা এবং পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে এই দাবদাহ অব্যাহত রয়েছে।
দাবদাহের মাঝেই দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে, ঝোড়ো হাওয়ার আশঙ্কায় উত্তর-পূর্বাঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।








































