শনিবার । এপ্রিল ২৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ এপ্রিল ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

প্রথম দফার ভোট শেষে মমতা-অমিত শাহর পাল্টাপাল্টি জয়ের দাবি


Momta-Amit

মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ

রেকর্ড ৯২ শতাংশ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট শেষ হতেই শুরু হয়েছে জয়ের পাল্টাপাল্টি দাবি। ১৫২ আসনের মধ্যে ১১০টির বেশি আসনে জয়ের দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে ১৩৫ আসনে জয়ের প্রত্যাশা জানিয়ে বাংলা জয়ের পর দিল্লি দখলের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে অমিত শাহ প্রথম দফার ৯২ দশমিক ০৩ শতাংশ ভোটার উপস্থিতিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলার মানুষ ভয় থেকে আস্থার পথে এগোচ্ছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রাণহানি ছাড়া নির্বাচন হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে দুর্নীতিবিরোধী জনমত, নারীদের নিরাপদ ভোটদান এবং সীমান্ত নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন শাহ।

অন্যদিকে কলকাতার চৌরঙ্গীতে নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় তৃণমূলকে হারানো অসম্ভব। তিনি ঘোষণা দেন, আগে বাংলা জিতবেন, এরপর সব বিরোধী দলকে একত্র করে দিল্লি দখল করবেন। পরে হাওড়া ময়দানের জনসভায় তিনি দাবি করেন, তৃণমূল ১৩৫টি আসনে জয় পাবে।

মমতার দিল্লি যাওয়ার মন্তব্যের জবাবে অমিত শাহ কটাক্ষ করে বলেন, বাংলাতেই তাঁর কিছু অবশিষ্ট নেই, তিনি দিল্লিতে কীভাবে যাবেন।

এদিকে প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে প্রায় তিন কোটি ৬০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৯২ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা আগের নির্বাচনের হারকেও ছাড়িয়ে গেছে।

আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে কলকাতাসহ বাকি আসনগুলোতে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।