
১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে
তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় সুখবর দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে নতুন করে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে। এতে বিদ্যমান লোডশেডিং বা বিদ্যুৎ রেশনিং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীর আরএনপিএল থেকে এই বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে। রক্ষণাবেক্ষণ শেষে আদানির বন্ধ থাকা ইউনিটটি আজ ২৬ এপ্রিল থেকেই ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা রয়েছে।
এছাড়া কয়লাবাহী জাহাজ বন্দরে পৌঁছানো সাপেক্ষে ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার ও আরএনপিএল থেকে আরও ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাবে।

বর্তমানে তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা প্রায় ১৬ হাজার ৯০০ মেগাওয়াটে পৌঁছেছে, যেখানে উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াটের কাছাকাছি। বাড়তি এই চাহিদা মেটাতে এলএনজি ও কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিশেষ করে ঢাকাকে লোডশেডিংয়ের বাইরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।













































