রবিবার । এপ্রিল ২৬, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২৬ এপ্রিল ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
শেয়ার

উচ্চ খরচে ক্লান্ত আমেরিকানরা, চীন থেকে কিনছেন বাড়ি


Home USA China

গত বছর দেশটিতে নির্মাণসামগ্রীর দাম ৩ শতাংশ বেড়েছে

যুক্তরাষ্ট্রে বাড়ি নির্মাণের খরচ অনেক বেড়ে গেছে। ফলে অনেকেই বিকল্প পথ খুঁজছেন। সেরকমই একজন বাল্টিমোরের প্রকৌশলী জেনাদি তসিগান, যিনি নিজের স্বপ্নের বাড়ির অধিকাংশ উপকরণ সরাসরি চীন থেকে আমদানি করেছেন।

তিনি ২০২৪ সালে চীন সফর করে বিভিন্ন কারখানা থেকে দরজা, জানালা, টাইলসসহ প্রায় সব ধরনের নির্মাণসামগ্রী বেছে নেন। তার বাড়িটি আধুনিক ও শিল্পধর্মী নকশার, যেখানে রয়েছে ফ্লোর-টু-সিলিং জানালা, ওপেন কিচেন এবং ম্যাগনেটিক লকযুক্ত দরজা। তিনি জানান, তার বাড়িটি পরিবেশবান্ধব মানদণ্ড লিড সার্টিফিকেশন পাওয়ার পথে রয়েছে।

তসিগানের ভাষায়, ‘বাড়ি নির্মাণ জীবনের বড় একটি প্রকল্প। আমি এটিকে একটি অ্যাডভেঞ্চার হিসেবে নিয়েছি, আর সেই কারণেই চীন থেকে উপকরণ আমদানির সিদ্ধান্ত।’

যুক্তরাষ্ট্রে নির্মাণসামগ্রীর দাম বাড়তে থাকায় অনেক আমেরিকান এখন চীনা সরবরাহকারীদের দিকে ঝুঁকছেন। গত বছর দেশটিতে নির্মাণসামগ্রীর দাম ৩ শতাংশ বেড়েছে, আর ২০২৩ সালে ব্যবহৃত উপকরণের ২৭ শতাংশ এসেছে চীন থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই প্রবণতা বাড়ছে। অনেক ব্যবহারকারী চীন থেকে কম দামে ক্যাবিনেট বা অন্যান্য সামগ্রী কিনে বড় অঙ্কের অর্থ সাশ্রয়ের অভিজ্ঞতা শেয়ার করছেন। চীনা নির্মাতারাও সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্রিয়, এমনকি টিকটকে নিজেদের পণ্যের প্রচারণা চালাচ্ছেন।

তসিগান জানান, তিনি প্রায় এক লাখ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পেরেছেন। তবে প্রতিটি কনটেইনার পণ্য পরিবহনে তার গড়ে ১৩ হাজার ডলার খরচ হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে নির্মাণসামগ্রীর দাম দ্রুত বাড়ছে। ধাতব উপকরণ, কাঠ এবং অ্যালুমিনিয়ামের দাম বেড়ে যাওয়ায় বাড়ি নির্মাণ আরও ব্যয়বহুল হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে একটি কাস্টম বাড়ির মোট খরচের দুই-তৃতীয়াংশই যায় উপকরণে।

তবে পুরো প্রক্রিয়াটি জটিল। তসিগান বলেন, শুরুতে তাকে অনেকটা ‘অন্ধভাবে পথ খুঁজতে’ হয়েছে। আলিবাবার মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি সরবরাহকারী খুঁজেছেন এবং যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী নির্মাতা খুঁজে পেতে হয়েছে।

এছাড়া ভাষা অনুবাদ, মাপের পার্থক্য এবং প্রযুক্তিগত সমন্বয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে পণ্য ফেরত বা সংশোধনে দীর্ঘ সময় লাগে।

সবকিছু মিলিয়ে, চীন থেকে নির্মাণসামগ্রী আমদানি অনেকের জন্য আকর্ষণীয় হলেও এটি ঝুঁকিপূর্ণ এবং জটিল একটি প্রক্রিয়া। তসিগানেরর মতে, এটি জীবনের একবারের অভিজ্ঞতা—কিন্তু ‘ঝুঁকি এবং জটিলতায় ভরা।’