সোমবার । এপ্রিল ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৭ এপ্রিল ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হবিগঞ্জ, ব্যাপক ক্ষয়ক্ষতি


habiganj

ফাইল ছবি

হবিগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া দুই দফার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে জেলার বিভিন্ন এলাকা। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে সোমবার ভোররাত পর্যন্ত চলা এই তাণ্ডবে জেলা শহরসহ গ্রামাঞ্চলের ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় ও তার ছিঁড়ে যাওয়ায় পুরো জেলা দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া তীব্র ঝড়ে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অনেক স্থানে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের চাল উড়ে গেছে, ভেঙে পড়েছে বড় বড় সাইনবোর্ড। ঝড়ের তীব্রতায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। বিশেষ করে চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলায় ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি।

বর্তমানে বোরো ধান কাটার মৌসুম চলায় ঝড়ের এই তাণ্ডব কৃষকদের জন্য মরণকামড় হয়ে দাঁড়িয়েছে। অনেক স্থানে পাকা ধান ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। মাঠের ফসল নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

ঝড়ের পর বিভিন্ন সড়কে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, ঝড়ে লাইনের ব্যাপক ক্ষতির কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে, যা দ্রুত মেরামতের চেষ্টা চলছে।

এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে জেলা প্রশাসন।