মঙ্গলবার । এপ্রিল ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ এপ্রিল ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
শেয়ার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন আজ


ruppur-paromanbik-krendro

ফাইল ছবি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় প্রকল্প এলাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি। এছাড়া অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বিশেষ ভিডিওবার্তা প্রচারের কথা রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ইউনিটে এই জ্বালানি লোডিং সফল হলে শীঘ্রই পরীক্ষামূলকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে ৪৫ দিন সময় লাগবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে ১২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে।

ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালের ৩০ নভেম্বর। দীর্ঘ কর্মযজ্ঞ শেষে চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ) প্রথম ইউনিটের জন্য ‘কমিশনিং লাইসেন্স’ প্রদান করে। এই লাইসেন্স পাওয়ার পরই আজ আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে।