
ফাইল ছবি
ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ দীর্ঘায়িত হওয়ার ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। মাত্র এক দিনের ব্যবধানে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ মূল্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে চাপে রাখতে দেশটির ওপর আরোপিত নৌ অবরোধ আগামী কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন যে, সরাসরি সামরিক হামলার চেয়ে এই অবরোধ অনেক বেশি কার্যকর কৌশল। তবে এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক আলোচনা বর্তমানে পুরোপুরি স্থবির হয়ে আছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো সমঝোতায় আসবে না। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতির অবনতি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি জানান, ইরানের ওপর সামরিক চাপ বাড়ানো হলে তার ফলাফল অত্যন্ত গুরুতর হতে পারে।

এদিকে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোক্তাদের ওপর প্রভাব কমাতে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। তবে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ রুটটি অনিশ্চয়তার মুখে থাকায় বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের ঝুঁকি আরও প্রকট হয়ে উঠছে।






































