
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়না বর্তমান সরকার, অতীতেও করেনি। বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর। মহান মুক্তিযুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। সেই ঐতিহ্য ধরে রেখে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেন।
এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি, সমঅধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ‘ধর্ম যার যার, নিরাপত্তা সবার’—এই নীতিকে সামনে রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যাতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কোনো ইচ্ছা তার সরকারের নেই। বরং সকল ধর্ম ও মতের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই তাদের নীতি।






































