বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন
শেয়ার

এসি বাসে কাচ ভাঙার হাতুড়ি ও নন-এসিতে রড অপসারণ বাধ্যতামূলক


BRTA

জরুরি নির্দেশনা জারি করেছে বিআরটিএ

গণপরিবহনে দুর্ঘটনার সময় যাত্রীরা ভেতরে আটকে পড়ে প্রাণ হারানোর ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সড়ক-মহসড়ক, ফেরিঘাট এবং রেল ক্রসিং পারাপারের সময় দুর্ঘটনা ঘটলে দরজা বা জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে যাত্রীরা নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এই সংকট নিরসনে এসি ও নন-এসি উভয় ধরনের বাসের জন্য জরুরি বহির্গমন নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে বিআরটিএ।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে জরুরি প্রয়োজনে জানালার কাচ ভাঙার জন্য এক বা একাধিক হাতুড়ি বা উপযুক্ত উপকরণ বাসের ভেতর দৃশ্যমান স্থানে রাখতে হবে। একই সাথে বাসের কোন অংশ দিয়ে জরুরি অবস্থায় বের হওয়া যাবে, তা ‘জরুরি বহির্গমন’ বা ‘Emergency Exit’ হিসেবে স্পষ্টভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নন-এসি বাসের ক্ষেত্রে দেখা যায়, জানালার পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে স্টেইনলেস স্টিলের চিকন রড বসানো থাকে। দুর্ঘটনার সময় এই রডগুলোই যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। বিআরটিএ এই রডগুলো অবিলম্বে অপসারণ করার নির্দেশ দিয়েছে, যাতে জানালা দিয়ে যাত্রীরা সহজে বের হতে পারেন।

বিআরটিএ জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনাগুলো দ্রুত কার্যকর করতে হবে। এর মাধ্যমে দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের দ্রুত উদ্ধার ও জীবনহানি কমানো সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।