
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
চিকিৎসার উদ্দেশ্যে আগামী ৯ মে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে ১৭ মে তার দেশে ফেরার কথা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে এ সফরে থাকবেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে বলে জানা গেছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। পরবর্তী সময়ে ফলোআপ চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলেও অনুমতি পাননি বলে এক সাক্ষাৎকারে দাবি করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। এমনকি লন্ডনের একটি হাসপাতালে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকলেও তাতে অংশ নেওয়ার সুযোগ পাননি বলেও জানান তিনি।
এছাড়া সে সময় তাকে কার্যত বঙ্গভবনে গৃহবন্দি রাখা হয়েছিল বলেও দাবি করেন রাষ্ট্রপতি। এমনকি রাষ্ট্রীয় রেওয়াজ অনুযায়ী জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে অংশ নেওয়ার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।





































